নিজস্ব প্রতিবেদক | বগুড়া
বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ করার সময় মাটির নিচ থেকে ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ চলাকালে গুলিগুলো পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খননকাজের একপর্যায়ে এক শ্রমিক ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশে মাটির নিচে ধাতব বস্তু দেখতে পান। পরে বিষয়টি অন্য শ্রমিকদের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মোট ৩৩৪টি গুলি উদ্ধার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খননকাজের সময় শ্রমিকেরা মাটির নিচে গুলির কার্তুজগুলো খুঁজে পান। উদ্ধার করা গুলিগুলো কোন সময়ের, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের নাকি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্রের, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

