স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপসহ আন্তর্জাতিক ফুটবলের বিভিন্ন টুর্নামেন্টের সম্প্রচার ও বিপণন স্বত্ব পেতে ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ক্রীড়া বিপণন নির্বাহী। তারা হলেন হুগো জিনকিস ও তাঁর ছেলে মারিয়ানো জিনকিস।
যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর এ স্বীকারোক্তির বিষয়টি প্রকাশ্যে আসে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আদালতে জমা দেওয়া নথিতে তাদের স্বীকারোক্তির তথ্য উঠে আসে।
হুগো ও মারিয়ানো জিনকিস আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ফুল প্লে-এর সহ-মালিক। ২০১৫ সালে ফিফাকে ঘিরে শুরু হওয়া বহুল আলোচিত দুর্নীতি তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।
আদালতের নথি অনুযায়ী, বিশ্বকাপ বাছাইপর্ব, কোপা আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার ও বিপণন স্বত্ব পেতে ফিফা, কনকাকাফ ও কনমেবলের কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন তারা। কর্মকর্তাদের প্রভাব ব্যবহার করে লাভজনক বাণিজ্যিক ও সম্প্রচার স্বত্ব পাওয়ার জন্য একটি পরিকল্পিত দুর্নীতির নেটওয়ার্কও গড়ে তোলা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের তদন্তে ঘুষের অঙ্ক কয়েক কোটি ডলার বলে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচের মিডিয়া ও বাণিজ্যিক স্বত্ব পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তা নেওয়া হয়েছিল।
সমঝোতার অংশ হিসেবে হুগো ও মারিয়ানোর বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগ প্রত্যাহারে সম্মত হয়েছে মার্কিন কর্তৃপক্ষ। তবে এর বিনিময়ে ৫০ মিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি হয়েছেন তারা।
ফিফার দুর্নীতি কাণ্ড
২০১৫ সালে ফিফার দুর্নীতি তদন্ত শুরু হওয়ার পর বিশ্ব ফুটবল প্রশাসনে বড় ধরনের সংকট তৈরি হয়। তদন্তে ফিফা, কনমেবল ও কনকাকাফের একাধিক প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠে।
পরবর্তীতে কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার হন এবং অনেকে আদালতে দোষ স্বীকার করেন। এসব মামলায় আন্তর্জাতিক ফুটবলের বিভিন্ন টুর্নামেন্টের সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্ব বণ্টনের ক্ষেত্রে অনিয়মের বিষয়টি উঠে আসে।

