নিজস্ব প্রতিবেদক
স্বামীর মরদেহ দেখতে ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় একটি পুলিশ ভ্যানে করে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
এর আগে বুধবার মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সায়েদা নূরমাহাল আশরাফী দীপু মনির প্যারোল মঞ্জুর করেন। প্যারোলের মেয়াদ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী টফিক নওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকালে টফিক নওয়াজের মরদেহ ঢাকার কলাবাগানের বাসায় নেওয়া হবে। সেখানে দীপু মনি তার স্বামীর মরদেহ শেষবারের মতো দেখবেন। পরে মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। জোহরের নামাজের পর সেখানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, তারা চার দিনের প্যারোলের জন্য আবেদন করেছিলেন। তবে জেলা ম্যাজিস্ট্রেট ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছেন।
তিনি বলেন, প্যারোলের পুরো সময় দীপু মনি পুলিশি পাহারায় থাকবেন। স্বামী দীর্ঘদিন অসুস্থ থাকার সময় তার সঙ্গে দেখা করার জন্য কয়েক দফা কারাগারের বাইরে যাওয়ার অনুমতি চাওয়া হলেও তা পাওয়া যায়নি। স্বামীর মৃত্যুর পর এবার প্যারোলে বের হয়ে তার মরদেহ দেখার সুযোগ পেলেন সাবেক এই শিক্ষামন্ত্রী।
দীপু মনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। এর আগে তিনি বিভিন্ন মামলায় জামিন পেলেও একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো থাকায় কারাগারে ছিলেন।

