নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
পাট কিনে নৌকায় করে ফেরার পথে ভুল করে ভারতের সীমান্তে ঢুকে পড়া রাজশাহীর বাঘার পাঁচ ব্যবসায়ী ১১ দিন পর দেশে ফিরেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করে।
শুক্রবার রাত ৭টার দিকে ভারতের সাগরপাড়া সীমান্তের বিএসএফ ক্যাম্প থেকে আলাইপুর বিজিবি ক্যাম্প হয়ে দেশে ফেরেন তাঁরা। পরে আলাইপুর বিজিবি ক্যাম্পসংলগ্ন পদ্মা নদীর তীরে স্বজনদের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।
ফিরে আসা পাঁচজন হলেন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের মোশাররফ হোসেন (২২), শাহাবুল আলী (৪২), বাবর আলী (৪৫) এবং দুই মাঝি আসাদুল ইসলাম (৪১) ও সাইফুল ইসলাম (৫৮)।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার বাংলাবাজার চর থেকে পাট কিনে নৌকায় করে বাঘায় ফিরছিলেন তাঁরা। পদ্মা নদীর তীব্র স্রোতে একপর্যায়ে তাঁরা পথ হারিয়ে ফেলেন। পরে নৌকাটি সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার ভেতরে চলে যায়।
সেখানে বিএসএফের একটি টহল দল তাঁদের নৌকাসহ আটক করে। পরে পরিবারের সদস্যরা আলাইপুর বিজিবি ক্যাম্পে যোগাযোগ করেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাঁদের ফেরত দেওয়া সম্ভব নয় বলে জানায় বিএসএফ।
পাঁচ ব্যবসায়ীকে দেশে ফেরাতে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ উদ্যোগ নেন। তিনি রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় তাঁদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।
নৌকার মাঝি আসাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম বলেন, তাঁর ভাইসহ পাঁচজনকে ভারতের রানীনগর থানায় রাখা হয়েছিল। প্রথমে তাঁদের প্রবেশের বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে দেখা হলেও পরে বিষয়টি পরিষ্কার হলে তাঁদের সঙ্গে খারাপ আচরণ করা হয়নি।
আবু সাঈদ জানান, পাঁচ ব্যবসায়ীর নৌকা, পাট ও দুটি সাইকেল এখনো ভারতে রয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এসব মালামালও তাঁদের কাছে ফেরত দেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করা হয়েছে।
