বিশেষ প্রতিনিধি
ঢাকা
কাঁচা পাট রপ্তানি করে যেখানে প্রতি টনে প্রায় ১ হাজার ২০০ ডলার আয় হয়, সেখানে পাটকে মূল্য সংযোজন করে প্যাকেজিং পণ্য বা মিশ্র তন্তুর পণ্যে রূপান্তর করা গেলে একই পরিমাণ পাট থেকে ২ হাজার ৫০০ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত আয় করা সম্ভব বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) ‘বহুমুখী পাটপণ্য মেলা’ ও নতুন বিক্রয়কেন্দ্র ‘জেডিপিসি এক্সপ্রেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার উচ্চমূল্যের পাটজাত পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় ও রাজস্ব বাড়াতে চায়। এ জন্য উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
মূল্য সংযোজনের ওপর গুরুত্ব
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, দেশে উৎপাদিত পাটের বড় অংশ মূল্য সংযোজিত পণ্যে রূপান্তর করা সরকারের অন্যতম লক্ষ্য। এ বিষয়ে জেডিপিসি ও বেসরকারি উদ্যোক্তাদের সংগঠনগুলোর সমন্বয়ে পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।
পাটের সঙ্গে তুলা বা অন্য তন্তু মিশিয়ে বিভিন্ন মিশ্র তন্তুজাত পণ্য তৈরি করা গেলে প্রতি টনে ৪ হাজার থেকে ৫ হাজার ডলার পর্যন্ত মূল্য পাওয়া সম্ভব বলেও অনুষ্ঠানে জানানো হয়।
কোন ধরনের পণ্যে কত পরিমাণ পাট ব্যবহার করা সম্ভব, তা নির্ধারণে উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানান সংশ্লিষ্টরা।
পাট ও তাঁতপণ্যের বাজার বাড়ানোর উদ্যোগ
সরকার পাট, তাঁত ও রেশমজাত পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
‘জেডিপিসি এক্সপ্রেস’ স্থায়ী বিক্রয় ও প্রদর্শনকেন্দ্র হিসেবে কাজ করবে। সেখানে বহুমুখী পাটপণ্যের পাশাপাশি তাঁত ও রেশমের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।
দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে পরিবেশবান্ধব পণ্যের প্রচার এবং পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিদেশে বিক্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা
দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দর ও বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনেও দেশীয় পণ্যের শোরুম বা ডিসপ্লে সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
আন্তর্জাতিক বাজারে পাট, তাঁত ও রেশমজাত পণ্যের পরিচিতি বাড়াতে কার্যকর প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রাজধানীর মনিপুরীপাড়ায় জেডিপিসি প্রাঙ্গণে আয়োজিত ছয় দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা ৩ থেকে ৮ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। আর ‘জেডিপিসি এক্সপ্রেস’ সপ্তাহের সাত দিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

