ভারতের পাঞ্জাব রাজ্যে মাদক পাচারবিরোধী দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলকে ১৫ কেজি হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য ৪০ কোটি রুপির বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৫০ কোটিরও বেশি টাকা।
পাঞ্জাবের তারন তারন জেলার সীমান্তবর্তী সরাই আমানত খান এলাকায় বুধবার (১৪ অক্টোবর) বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও তদন্তকারী সংস্থাগুলোর যৌথ অভিযানে করণদীপ সিং নামের ওই কনস্টেবলকে আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত এলাকা থেকে হেরোইনের চালানটি নিজের গ্রাম ভুসেতে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তদন্তকারীরা মাদকের চালানটির উৎস ও গন্তব্য শনাক্ত করার পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা করছেন। সীমান্তে ড্রোনের মাধ্যমে মাদক পাচার ঠেকানোর দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।
তথ্যসূত্র: এনডিটিভি

