পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর সদর উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মা ও তাঁর ২৩ বছর বয়সী মেয়েও রয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের ধালুগাজী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
নিহতরা হলেন গলাচিপা উপজেলার গোলবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৪০), একই উপজেলার আমখোলা ইউনিয়নের চরানী বাউরিয়া গ্রামের শিল্পী রানি (৪০), তাঁর মেয়ে বিথি রানি (২৩) এবং অটোরিকশাচালক আবদুল কাইয়ুম পেয়াদা (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনার তালতলী থেকে ঢাকাগামী ইমরান ট্রাভেলস নামের বাসটি রাত সাড়ে ১১টার দিকে ধালুগাজী মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশের খাদে গিয়ে উল্টে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত অটোরিকশাচালক আবদুল কাইয়ুম পেয়াদাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
পটুয়াখালী সদর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রেজওয়ান জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত কয়েকজনকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

