কুমিল্লার দেবিদ্বারে একটি উচ্চবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী নামফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে রোববার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাসনাত আবদুল্লাহ। ভবনের নামফলক উন্মোচনের সময় সেখানে নিজের নাম খোদাই করা দেখতে পান তিনি। এরপর নামফলকে ব্যক্তির নাম ব্যবহারে আপত্তি জানিয়ে ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না করেই সেখান থেকে চলে যান।
হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের করের অর্থে নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় ব্যক্তিবিশেষের নাম ব্যবহারের সংস্কৃতি তিনি সমর্থন করেন না। উন্নয়নকাজের নামফলকে ব্যক্তির নামের পরিবর্তে দেশের নাম বা প্রতিষ্ঠানের ঐতিহাসিক তথ্য রাখা যেতে পারে বলেও তিনি মত দেন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ। তিনি জানান, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দ্রুত নামফলক পরিবর্তন করে নতুন করে স্থাপন করা হবে।
হাসনাত আরও জানান, তার নির্বাচনী এলাকার ভবিষ্যৎ উন্নয়নকাজ ও প্রাতিষ্ঠানিক স্থাপনার উদ্বোধনী নামফলকে তার নাম ব্যবহার না করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

