নরসিংদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোসাদ্দেক হাসান (২৬) নামে এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মাত্র নয় মাস আগে বিয়ে করেছিলেন তিনি।
মোসাদ্দেক হাসান নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক ছিলেন। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মোশাররফ মিয়ার ছেলে।
আবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, প্রায় এক মাস আগে প্রথমবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন মোসাদ্দেক। চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর কয়েক দিন আগে আবারও ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি।
জ্বর ও বমির সমস্যা নিয়ে তিন দিন আগে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শুক্রবার দুপুরের দিকে তাঁর জ্বর বেড়ে যায় এবং খিঁচুনি শুরু হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শুক্রবার রাত ১০টার দিকে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
চলতি বছরে নরসিংদীতে ডেঙ্গুতে প্রথম মৃত্যু
নরসিংদীর সিভিল সার্জন বুলবুল কবির জানান, চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর এটি প্রথম ঘটনা।
তিনি আরও জানান, এ বছর নরসিংদী জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৯৬ জন।
ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

