নিজস্ব প্রতিবেদক
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হলেও শুরু থেকেই পুরো বর্ধিত বেতন ও ভাতা পাওয়া যাচ্ছে না। নতুন কাঠামো ধাপে ধাপে কার্যকর হবে। একই সঙ্গে বর্তমানে চালু থাকা ‘বিশেষ সুবিধা’ও বাতিল করা হয়েছে।
অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও বর্ধিত মূল বেতনের পুরো অংশ একসঙ্গে দেওয়া হবে না। প্রথম থেকে নবম গ্রেডের ক্ষেত্রে বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৫০ শতাংশ প্রথম ধাপে কার্যকর হবে। পরবর্তী ধাপে বাকি অংশ যুক্ত হবে এবং ১ জুলাই ২০২৭ থেকে পূর্ণ বর্ধিত মূল বেতন কার্যকর হওয়ার কথা রয়েছে।
তিন ধাপে বাড়বে মূল বেতন
প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ কার্যকর হবে। ১ জানুয়ারি ২০২৭ থেকে আরও ৩০ শতাংশ এবং ১ জুলাই ২০২৭ থেকে অবশিষ্ট ৩০ শতাংশ যুক্ত হবে।
অন্যদিকে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ, দ্বিতীয় ধাপে ২৫ শতাংশ এবং তৃতীয় ধাপে অবশিষ্ট ২৫ শতাংশ কার্যকর হবে।
নতুন ভাতা মিলবে ২০২৮ সালে
নতুন বেতন কাঠামোর সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি ভাতার ক্ষেত্রে। বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা নতুন হারে পেতে কর্মীদের ১ জানুয়ারি ২০২৮ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততদিন আগের কাঠামো অনুযায়ী প্রাপ্য ভাতা কার্যকর থাকবে।
ফলে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পরও শুরুতেই নতুন হারে সব আর্থিক সুবিধা পাওয়া যাবে না।
বাতিল ‘বিশেষ সুবিধা’
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু থাকা বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে। আগের এই সুবিধা নতুন বেতন কাঠামোর অংশ হিসেবে আর বহাল থাকবে না।
পেনশনেও ধাপে ধাপে পরিবর্তন
নতুন কাঠামোর প্রভাব পেনশনভোগীদের ক্ষেত্রেও পড়বে। বর্ধিত নিট পেনশনের সুবিধাও ধাপে ধাপে কার্যকর হবে এবং ১ জুলাই ২০২৭ থেকে পূর্ণ বর্ধিত নিট পেনশন পাওয়ার কথা রয়েছে।
সবাই নতুন বেতন কাঠামোর আওতায় নয়
প্রজ্ঞাপনের আওতা থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, প্রতিরক্ষা সার্ভিস, পুলিশ বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক এবং আউটসোর্সিং, শিক্ষানবিশ, দৈনিকভিত্তিক ও চুক্তিভিত্তিক কর্মীদের বাইরে রাখা হয়েছে।
নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও পুরো আর্থিক সুবিধা পেতে তাদের ধাপে ধাপে নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

