নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে পুলিশ গাড়িতে তোলার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের টুকরোর আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন।
রোববার রাত ১০টার দিকে এনায়েতনগর ইউনিয়নের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী জাকির হোসেন ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তার বাড়ির সামনে জড়ো হন।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির হোসেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
এ সময় উত্তেজিত জনতা জাকির হোসেনকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওসি মাহাবুব আলম মাইকে বক্তব্য দিয়ে এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে গাড়িতে তোলার সময় জনতার মধ্য থেকে ইটের টুকরো ছোড়া হয়। একটি ইট ওসির মাথায় লাগলে তিনি আহত হন।
পরে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করতে গেলে সেখানে উত্তেজিত জনতা ইটপাটকেল ছোড়ে। একটি ইটের টুকরো তার মাথায় লাগায় তিনি কিছুটা আহত হয়েছেন। তবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়নি বলেও জানান তিনি।
ওসি বলেন, ধর্ষণের অভিযোগে জাকির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

