দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কেবল কাগজে সীমাবদ্ধ না থাকে। একই সঙ্গে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি।
ভূমিকম্পের ঝুঁকি নিয়ে উদ্বেগ
দুর্যোগ ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণকে অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বাংলাদেশের জন্য ভূমিকম্প একটি উদীয়মান ঝুঁকি।
নগর এলাকায় ভবন নির্মাণবিধি যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় ভূমিকম্পের ঝুঁকি ক্রমেই বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ পরিস্থিতিতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ এবং বিদ্যমান নীতিমালার কার্যকর বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
দুর্যোগ পরিকল্পনায় গুরুত্ব দিতে হবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে
রাষ্ট্রপতি বলেন, যেকোনো দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সময় নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কেন্দ্রীয় গুরুত্ব দিতে হবে।
দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম এবং পরবর্তী ব্যবস্থাপনায় এসব জনগোষ্ঠীর বিশেষ প্রয়োজন বিবেচনায় রাখা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি আরও বলেন, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তুলতে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পরিকল্পনা প্রণয়নের সঙ্গে সঙ্গে সেগুলো বাস্তবায়নেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

