শারদীয় দুর্গাপূজা শেষ হলে রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকার মন্দিরগুলোর অবকাঠামোগত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে একটি পরিবারের মতো বসবাস করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে গড়ে তুলতে হবে মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগর এলাকার পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
রূপনগর বেরিবাঁধের গোড়ান চটবাড়ী শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে বক্তব্য দেওয়ার সময় আমিনুল হক বলেন, মন্দিরটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। দুর্গাপূজা শেষ হলে মন্দিরটির অবকাঠামোগত উন্নয়ন, সীমানাপ্রাচীর নির্মাণসহ প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাঁদের যেকোনো প্রয়োজনে অতীতেও পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।
তিনি আরও বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ বাংলাদেশের একই পরিবারের সদস্য। সবার ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা প্রয়োজন। দুর্গোৎসবের আনন্দ যেন কোনো ধরনের বিশৃঙ্খলার কারণে ব্যাহত না হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ইস্টার্ন হাউজিংয়ের আলুব্দি পূজামণ্ডপ, বৃন্দাবন মন্দির, উত্তর কালশী মন্দির ও বাউনিয়াবাদ মন্দির ঘুরে দেখেন।

