নিজস্ব প্রতিবেদক
ঢাকা
রাজধানী ঢাকায় আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি তাপমাত্রা বাড়ার কারণে দিনভর ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

