দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৩৬৯ জন।
কোথায় কতজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।
মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
সেপ্টেম্বরে মৃত্যু ১৪৮
ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বর মাসে আরও বেড়েছে। শুধু সেপ্টেম্বরেই সারা দেশে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটিই উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

