বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর ক্লাব বদলের বিষয়টি প্রায় চূড়ান্ত। ডার্বি কাউন্টিতে যাওয়ার আলোচনা চললেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন হামজা। এবার সাবেক ক্লাব শেফিল্ড ইউনাইটেডেই স্থায়ীভাবে ফিরছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।
ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে নিতে লেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে শেফিল্ড ইউনাইটেড। ক্লাবটির হয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করার আগে হামজার মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। চ্যাম্পিয়নশিপে তিনি ১৯ ম্যাচে মাঠে নামেন, যার ১৬টিতে ছিলেন শুরুর একাদশে। তাঁর পারফরম্যান্সে শেফিল্ড ইউনাইটেড প্লে-অফের ফাইনালেও পৌঁছেছিল। তবে ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে তাদের প্রিমিয়ার লিগে ফেরার স্বপ্ন শেষ হয়ে যায়।
লেস্টার সিটির একাডেমিতে মাত্র সাত বছর বয়সে যোগ দিয়েছিলেন হামজা। ২০১৭ সালে ক্লাবটির মূল দলে অভিষেক হয় তাঁর। এর আগে বার্টন অ্যালবিয়নে ধারে খেলেছেন তিনি। লেস্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে হামজার ম্যাচসংখ্যা এখন ১৬৬।
চলতি মৌসুমে লেস্টারের হয়ে প্রথম তিনটি লিগ ম্যাচে খেললেও গত সপ্তাহে ইপসউইচ টাউন ও এমকে ডনসের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ছিলেন না হামজা। তাঁর দলবদলের সম্ভাবনার কারণেই তাঁকে বাইরে রাখা হয়েছিল বলে ইঙ্গিত দিয়েছিলেন লেস্টার কোচ রাসেল মার্টিন।
শেফিল্ড ইউনাইটেডে হামজার ফেরার অন্যতম কারণ দলের রাইট-ব্যাক ফেমি সেরিকির চোট। মিডফিল্ডের পাশাপাশি রাইট-ব্যাক হিসেবেও খেলতে পারেন হামজা। তাঁর এই বহুমুখী সক্ষমতা শেফিল্ড ইউনাইটেডের জন্য বাড়তি সুবিধা হয়ে উঠতে পারে।
হামজার স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে ফেরার মাধ্যমে ইংলিশ ফুটবলে তাঁর নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

