নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন তিন নেতা। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন।
অন্য দুই মনোনয়নপ্রত্যাশী হলেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দলীয় সূত্র জানিয়েছে, মনোনয়নপ্রত্যাশীদের ১৬ সেপ্টেম্বরের মধ্যে ফরম পূরণ করে জমা দিতে হবে।
আগামী ১৮ সেপ্টেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটি মনোনয়ন বোর্ড হিসেবে বৈঠক করে ঠাকুরগাঁও-১ আসনের চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে।
মির্জা ফয়সাল আমিন বর্তমানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ছিলেন।
অন্যদিকে ওবায়দুল্লাহ মাসুদ জেলা বিএনপির সহসভাপতি। তিনি এর আগে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্র সংসদের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
সুলতানুল ফেরদৌস চৌধুরীও জেলা বিএনপির সহসভাপতি। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং অতীতে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

