আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক রিপোর্ট
ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা অচলাবস্থায় থাকায় তেহরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।
শুক্রবার (১৪ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে একটি ‘শক্তিশালী অর্থনৈতিক আক্রমণ’ চালানো হবে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এসব পদক্ষেপ নেওয়ার সময়সূচিতে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসান্ত জানান, আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে কিছু নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করা হবে। তিনি বলেন, আর্থিক চাপ বাড়ানোর পাশাপাশি ইরানের বন্দরগুলোতে প্রবেশাধিকার সীমিত রাখতে নৌ অবরোধও অব্যাহত থাকবে।
গত সপ্তাহে ইরানের হয়ে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে শত শত কোটি ডলার স্থানান্তরে সহায়তার অভিযোগে বেশ কয়েকটি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, শেল কোম্পানি, ব্যাংক ও আর্থিক মধ্যস্থতাকারীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে আর্থিক লেনদেন, নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থ স্থানান্তর এবং অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগে দুটি ডিজিটাল সম্পদ বিনিময় প্ল্যাটফর্ম ও একটি বহুজাতিক করপোরেট নেটওয়ার্কের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে ওয়াশিংটন।
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: শাফাক নিউজ

