নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবারের পৃথক এসব অভিযানে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মোট ২ হাজার ২০৬টি মামলা করা হয়েছে। এ সময় ৪৩৬টি যানবাহন ডাম্পিং করা হয়েছে এবং রেকার দিয়ে সরানো হয়েছে ৩০৬টি যানবাহন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির উপকমিশনার মো. আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন ট্রাফিক বিভাগের আওতাধীন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। সেখানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৪৭১টি মামলা করা হয়।
মিরপুরে করা মামলাগুলোর মধ্যে ৩৪টি বাস, ১৯টি ট্রাক, ৩৮টি কাভার্ড ভ্যান, ৪৫টি সিএনজিচালিত অটোরিকশা এবং ২২৪টি মোটরসাইকেল জড়িত ছিল।
একই দিন ট্রাফিক-উত্তরা বিভাগে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ৪৩২টি মামলা করা হয়। এর মধ্যে ৩৮টি বাস, ১৫টি ট্রাক, ১২টি কাভার্ড ভ্যান, ৩৯টি সিএনজি এবং ১৭৮টি মোটরসাইকেল ছিল।
এ ছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০৪টি, ট্রাফিক-গুলশান বিভাগে ৩১১টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬৫টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬১টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪৩টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ১১৯টি মামলা করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

