বিনোদন ডেস্ক
জাভিয়ের কালভো ও জাভিয়ের আমব্রসির নির্মিত স্প্যানিশ সিনেমা ‘লা বোলা নেগ্রা’ ৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (TIFF)-এর পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে। রোববার উৎসবের পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কার জয়ের মাধ্যমে সিনেমাটি আসন্ন অস্কারকে সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি আলোচনায় এসেছে।
‘লা বোলা নেগ্রা’ সিনেমায় তিন প্রজন্মের কয়েকজন পুরুষের জীবন, আকাঙ্ক্ষা, যন্ত্রণা ও ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটি অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগের জন্য স্পেনের আনুষ্ঠানিক জমা দেওয়া চলচ্চিত্র। আগামী ১৬ অক্টোবর নেটফ্লিক্সের মাধ্যমে সিনেমাটির মুক্তির কথা রয়েছে।
রানারআপ দুই সিনেমা
টিফের এবারের পিপলস চয়েস অ্যাওয়ার্ডে প্রথম রানারআপ হয়েছে পিটার ফ্যারেলির ‘আই প্লে রকি’ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে সিয়ান হেডারের ‘বিইং হিউম্যান’। পুরস্কারজয়ী ও দুই রানারআপ—তিনটি সিনেমাই অস্কার ঘিরে দর্শক ও চলচ্চিত্র অঙ্গনে আগ্রহ তৈরি করেছে।
‘আই প্লে রকি’-র পরিচালক পিটার ফ্যারেলি এর আগে ‘গ্রিন বুক’ সিনেমার জন্য টিফের পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছিলেন। পরে ছবিটি অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কারও পায়। অন্যদিকে সিয়ান হেডারের ‘কোডা’ সিনেমাও অস্কারে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছিল।
আরও যেসব পুরস্কার দেওয়া হয়েছে
টরন্টো চলচ্চিত্র উৎসবে এবার ইন্টারন্যাশনাল পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে সাইমন স্টোনের ‘এলসিনোর’। ডকুমেন্টারি পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে ব্যারি অ্যাভরিচের ‘ডার্লিন লাভ: আই নো হোয়ার আই’ভ বিন’। আর মিডনাইট ম্যাডনেস পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন, ব্রায়ান মুলরোনি’।
১৯৭৮ সাল থেকে উৎসবের দর্শকদের ভোটে পিপলস চয়েস অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। অতীতে এই পুরস্কার পাওয়া বেশ কয়েকটি সিনেমা পরে অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। এর মধ্যে রয়েছে ‘নোম্যাডল্যান্ড’, ‘গ্রিন বুক’, ‘১২ ইয়ার্স আ স্লেভ’, ‘দ্য কিংস স্পিচ’, ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘আমেরিকান বিউটি’ ও ‘চারিয়টস অব ফায়ার’।
এ ছাড়া এবারের উৎসবে প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেয়েছে ভারতীয় নির্মাতা থেজা রিওর ‘অ্যাংহ’। নতুন নিয়ম অনুযায়ী, এই পুরস্কারজয়ী সিনেমা নিজ দেশের আনুষ্ঠানিক জমা ছাড়াই অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বিবেচনার জন্য যোগ্য হবে।

