নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ চলাকালে এক পথসভায় তিনি এ অভিযোগ করেন।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জনগণের দাবি আদায় এবং গণভোটের মাধ্যমে দেওয়া জনমতের বাস্তবায়নের জন্য তারা রাজপথে নেমেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষের ঘরে বিদ্যুৎ ও আলো নিশ্চিত করাসহ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের আন্দোলন অব্যাহত থাকবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তাদের আন্দোলন সফল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার শাপলা চত্বর থেকে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়। এর আগে সকাল ৭টায় সেখানে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
লংমার্চে গণভোটের রায় বাস্তবায়ন, ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়েছে।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদসহ জোটের অন্যান্য নেতারা বক্তব্য দেন।
লংমার্চটি চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর কাছে ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল ও মিরসরাইয়ে পথসভা করার কর্মসূচি রয়েছে।

