জনগণের প্রত্যাশা বুঝতে ব্যর্থ হলে পুলিশ কর্মকর্তাদের পরিণতি ভালো হবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে পুলিশ সদস্যদের আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এ বছর বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পেয়েছেন মোট ৯৮ জন পুলিশ কর্মকর্তা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যন্ত প্রতিটি পুলিশ কর্মকর্তাকে জনগণ পুলিশের কাছে কী প্রত্যাশা করে, তা বুঝতে হবে। জনগণ ‘রাজা-বাদশাহ’ নয়, জনবান্ধব পুলিশ দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে বলেন, এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো বা অধস্তনদের উৎসাহিত করা যাবে না, যা জনগণের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক বলে মনে হতে পারে।
দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্যের অনিচ্ছাকৃত বা ছোটখাটো ভুল হলে তা পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করা হবে বলেও জানান তিনি। তবে কোনো কর্মকর্তা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, প্রয়োজন অনুযায়ী ফৌজদারি আইনে মামলাও করা হবে বলে সতর্ক করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, মাঠপর্যায়ে কিছু পুলিশ সদস্যের দায়িত্ব পালনে অবহেলার তথ্য সরকারের কাছে রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কিছু পুলিশ সদস্য গোপনে তথ্য দিয়ে বা অন্যভাবে ‘ফ্যাসিবাদী শক্তিকে’ সহায়তা করছেন—এমন তথ্যও তাদের কাছে রয়েছে বলে তিনি জানান। তবে এসব বিষয়ে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশোধনের সুযোগও দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
সরকারের পক্ষ থেকে পুলিশকে জনআস্থা পুনর্গঠন ও দায়িত্ব পালনে আরও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে আসে।

