চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্প বাস্তবায়ন এবং এর বর্তমান আর্থিক লোকসানের কারণ খতিয়ে দেখতে কাজ করবে জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
প্রকল্পের সম্ভাব্যতা ও লোকসানের কারণ পর্যালোচনা
বৈঠকে কর্ণফুলী টানেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, বাস্তবায়ন প্রক্রিয়া এবং বর্তমান আর্থিক লোকসানের কারণ নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে বিস্তারিত পর্যালোচনার জন্য পরবর্তী বৈঠকে আরও আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটির কার্যক্রমে সংশ্লিষ্ট সব পক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
১ হাজার ১৫৩ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন চলমান ১ হাজার ১৫৩টি প্রকল্পের তালিকা কমিটির সদস্যদের কাছে উপস্থাপন করা হয়। পাশাপাশি এসব প্রকল্পের পাঁচ বছর মেয়াদি কৌশলপত্র এবং বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।
এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ২৫৬টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর কারণ তুলে ধরা হয়। ভূমি অধিগ্রহণে জটিলতা, আমদানিনির্ভরতা, প্রকল্প পরিচালক নিয়োগে সমস্যা, যথাযথ সম্ভাব্যতা যাচাইয়ের ঘাটতি, সময়মতো অর্থ ছাড় না হওয়া এবং আন্তমন্ত্রণালয় সমন্বয়ের সমস্যাকে মেয়াদ বাড়ানোর উল্লেখযোগ্য কারণ হিসেবে উপস্থাপন করা হয়।
এসব জটিলতা কমিয়ে প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রতা দূর করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
প্রকল্প পরিচালক নিয়োগে নতুন নীতিমালা
বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্প পরিচালক নিয়োগের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। নীতিমালা চূড়ান্ত হলে নিয়োগসংক্রান্ত জটিলতা কমবে বলে আশা প্রকাশ করা হয়।
এ ছাড়া উন্নয়ন প্রকল্পে অঞ্চলভিত্তিক বৈষম্য কমানো এবং ন্যায্যতার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের ২২১টি শূন্য পদের বিপরীতে বিভিন্ন গ্রেডে ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বৈঠকে জানানো হয়। শূন্য পদের বিপরীতে কর্মভার নির্ধারণ করে অগ্রাধিকারভিত্তিতে নিয়োগ সম্পন্ন করার নির্দেশনা দেন কমিটির সভাপতি।
বৈঠকে উপস্থিত ছিলেন যারা
বৈঠকে কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, মঈনুল ইসলাম খান, মো. সাইফুল আলম এবং মো. রাশেদুল ইসলাম রাশেদ অংশ নেন।
এ ছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য, পরিকল্পনা বিভাগ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্ণফুলী টানেলের আর্থিক লোকসানের কারণ অনুসন্ধানের পাশাপাশি অন্যান্য উন্নয়ন প্রকল্পে বাস্তবায়নগত জটিলতা কমাতে কমিটির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

