
দৈনিক রিপোর্ট ডেস্ক:
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির এক নিকটাত্মীয়।
শনিবার (২৫ জুলাই) বিকেলে কোস্টগার্ড চট্টগ্রাম জোনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হাফেজ উল্লাহ (৬৩)। তিনি সম্পর্কে সাবেক এমপি আবদুর রহমান বদির ফুফাতো বোনের স্বামী। এছাড়া তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম) সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
কোস্টগার্ড জানায়, শুক্রবার সকাল প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইনানী স্টেশনের একটি বিশেষ দল উখিয়া উপজেলার মেরিন ড্রাইভ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে হাফেজ উল্লাহর কাছে থাকা ৪ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযান শেষে বিকেলে তাঁকে উদ্ধার হওয়া ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, এটি হাফেজ উল্লাহর বিরুদ্ধে প্রথম মাদক মামলা নয়। এর আগে ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় র্যাব পরিচালিত অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবাসহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন। কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার রাতে দায়ের করা মামলার পর শনিবার দুপুরে হাফেজ উল্লাহকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অতীতেও একই ধরনের মাদক মামলায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।