রিপোর্টার
রাজধানীর উত্তরার পৃথক দুটি হোটেল থেকে একদিনে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজনের পরিচয় লি শিংচিয়াং (প্রায় ৪০) হিসেবে জানা গেছে। অপর ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা পশ্চিম থানার আওতাধীন সেক্টর-৩-এর বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড এবং সেক্টর-৪-এর হোটেল মেরিনো থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বেঙ্গল হোটেলের ৯০৫ নম্বর কক্ষে লি শিংচিয়াংকে মেঝেতে পড়ে থাকতে দেখেন একই হোটেলের অন্য কক্ষে থাকা তিন চীনা নাগরিক। তাঁরা বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
একই সময়ে উত্তরার হোটেল মেরিনো থেকেও আরেক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পরে তাঁর মরদেহও ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে দুই মরদেহেই কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লি শিংচিয়াংয়ের ক্ষেত্রে মদ্যপানের আলামত পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে অপর ব্যক্তির মরদেহে এমন কোনো আলামত পাওয়া যায়নি।
ওসি খালিদ মনসুর জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানের কারণে লি শিংচিয়াংয়ের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, দুই চীনা নাগরিক কবে ও কী কারণে ঢাকায় এসেছিলেন, সে বিষয়ে অনুসন্ধান চলছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

