ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে নিষেধাজ্ঞা শিথিল এবং দেশটির জব্দ সম্পদ ব্যবহারের সুযোগ দেওয়ার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন—এমন খবর অস্বীকার করেছেন তিনি।
সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া বা দেশটির জব্দ সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি কোনো প্রস্তাব দেননি। অ্যাক্সিওসের প্রকাশিত প্রতিবেদনকে তিনি মিথ্যা বলে দাবি করেন।
এর আগে অ্যাক্সিওস মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাতে জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপের বিনিময়ে দেশটির ওপর থেকে অর্থনৈতিক চাপ কমানো এবং জব্দ সম্পদের ওপর কিছুটা প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান তাদের প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে। ইরানের সাম্প্রতিক প্রস্তাবে যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ সম্পদ ছাড় এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার মতো বিষয় রয়েছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন ও ইরানি পক্ষের মধ্যে সরাসরি সমঝোতার পরিবর্তে কাতারসহ মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ চলছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউইয়র্কেও দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে।
হরমুজ প্রণালি ঘিরে সংকটের মধ্যেই এই কূটনৈতিক তৎপরতা চলছে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় অংশ পরিবহন হওয়ায় সংঘাত ও এর ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক বাজারেও প্রভাব পড়ছে।

