
রাজধানীর আসকোনা হাজী ক্যাম্প এলাকায় চলমান সড়ক সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
রোববার (২৬ জুলাই) পরিদর্শনকালে তিনি সংস্কারকাজের মান, অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন। এ সময় তিনি নাগরিকদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করার নির্দেশনা দেন।
ডিএনসিসি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবকাঠামোর উন্নয়ন ও নাগরিক সেবা বাড়াতে চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আসকোনা হাজী ক্যাম্প এলাকায় এ সংস্কারকাজ পরিচালিত হচ্ছে।
পরিদর্শন শেষে প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজের অগ্রগতি নিয়মিত তদারকির পাশাপাশি জনদুর্ভোগ কমিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
