দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে কমেছে ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম এবং রুপার দামও।
সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার প্রভাব এবং দেশের বাজারে মূল্য সমন্বয়ের কারণে দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।
সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত শনিবার ভালো মানের সোনার দাম ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়েছিল বাজুস। তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় সোনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়েছিল।
সর্বশেষ আজকের দাম কমানোর ফলে দুই দফায় ভালো মানের সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১১ হাজার ৪৮৯ টাকা কমল।

