নিজস্ব প্রতিবেদক | ঢাকা
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁকে শপথ পড়ান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
বিচারপতি হাবিবুল গনির শপথের পর আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আমন্ত্রিত অতিথি এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ২৭ আগস্ট রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। ওই দিন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই বিচারপতি হাবিবুল গনির আপিল বিভাগে নিয়োগ কার্যকর হবে।
বিচারপতি হাবিবুল গনি ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১২ সালের ১৫ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতে আইনজীবী হিসেবে এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

