শিল্পকলার দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি আরও দুই ব্যক্তির প্রতিকৃতি যুক্ত করার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে এর নেপথ্যে কারা রয়েছেন, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সাম্প্রতিক কয়েকটি গ্রেফতারের ঘটনা বিশ্লেষণ করে আড়ালে কেউ কলকাঠি নাড়ছে কি না, সেদিকেও নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন ফারুকী।
স্ট্যাটাসে তিনি লেখেন, “আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা আড়ালের কেউ কোন কলকাঠি নাড়ার কাজে ব্যস্ত—এসব দিকে একটু চোখ টোখ রাইখেন।”
ফারুকী বলেন, গত কয়েক সপ্তাহে সাবেক সেনা কর্মকর্তা এবং সীমান্তসহ দেশের বিভিন্ন স্থানে গ্রেফতারের ঘটনাগুলো বিশ্লেষণ করলে অনেক কিছু অনুমান করা সম্ভব। তাঁর মতে, শিল্পকলার দেয়ালে রবীন্দ্রনাথের পাশাপাশি অন্য দুই ব্যক্তির প্রতিকৃতি যুক্ত করার সিদ্ধান্তের নেপথ্যেও কারা রয়েছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি আরও বলেন, বাংলাদেশে সরকারিভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্যাপন করা হয়। তাঁকে উদ্যাপনে বাধা দেওয়ার কোনো ঘটনা তাঁর জানা নেই। তবে শিল্পকলার দেয়ালে অন্য দুই ব্যক্তির প্রতিকৃতি যুক্ত করার বিষয়টিকে তিনি অস্বাভাবিক ও অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন। এ সিদ্ধান্তের পেছনে কারা রয়েছেন, তা খুঁজে দেখতে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে যারা প্রতিবাদ করছেন, তাঁদেরও সমালোচনা করেন ফারুকী।
স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্র পুনর্গঠনই হওয়া উচিত আলোচনার মূল বিষয়। তাঁর মতে, দেশের এসব ক্ষেত্র কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে কীভাবে উত্তরণ সম্ভব, সেদিকেই মনোযোগ দেওয়া জরুরি।
প্রতিকৃতি নিয়ে এর আগেও সমালোচনা
এর আগে শিল্পকলার দেয়ালে গুণী ব্যক্তিদের প্রতিকৃতি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন লেখক, কবি ও চিত্রকর ব্রাত্য রাইসু। ১০ জন গুণী ব্যক্তির মধ্যে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, আখতারুজ্জামান ইলিয়াস ও হাসান আজিজুল হকের প্রতিকৃতি না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের প্রতিকৃতি যুক্ত করা নিয়েও সমালোচনা করেন।
শিল্পকলার দেয়ালে প্রতিকৃতি নির্বাচন নিয়ে এই বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরলেন মোস্তফা সরয়ার ফারুকী।

