বাংলাদেশে অতীতে যারা সরকার পরিচালনা করেছেন, তাঁদের ব্যর্থতার কারণে দেশ কাঙ্ক্ষিত উন্নতির স্তরে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, অতীতের ব্যর্থতার কারণে সমাজে বঞ্চনা, হতাশা, বিশৃঙ্খলা, বৈষম্য, অবিচার ও নিপীড়ন বেড়েছে। মানুষের সম্মান, সম্পদ ও জীবনের নিরাপত্তা নিয়েও নানা ধরনের আক্রমণ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, প্রতিভা, জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা দিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। মানুষের প্রতি ভালোবাসা ও সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ববোধ তৈরি করতে পারলে ভবিষ্যতে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশে রাষ্ট্র ও রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায়িত্ব নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি দেশের সুন্দর ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে।
বর্তমান সমাজের নানা অনিয়মের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি, কারসাজি ও অসৎ প্রতিযোগিতার সংস্কৃতি বন্ধ করতে হবে। এ ধরনের পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত করা প্রয়োজন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুর রহমান মুসা, ঢাকা মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি ফখরুদ্দীন মানিক, মহানগর উত্তর কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

