নিজস্ব প্রতিবেদক
ঢাকা
অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। এসব অস্ত্রের বিষয়ে তথ্য দিলে তথ্যের ধরন অনুযায়ী ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতার বিষয় তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা।
এসব বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতিতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ধীরে ধীরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

