প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার ও সমান কর্তব্য রয়েছে। দেশের সব মানুষের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে রংপুরের তারাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রংপুর-সৈয়দপুর মহাসড়কের নতুন চৌপথী বাসস্ট্যান্ডে এ পথসভার আয়োজন করা হয়।
পথসভার মঞ্চে প্রধানমন্ত্রী উঠলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।
পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর সফর
এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে ঢাকার বাইরে সফরে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।
সেখানে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে।

