মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গোপনে ইসরাইল সফর করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকের খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
প্রতিবেদনটিতে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দেওয়া হয়েছে। তবে সফর ও বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।
ইসরাইলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হলো। আগামী নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে রয়েছেন নেতানিয়াহু।
এদিকে, নির্বাচনের আগে নেতানিয়াহুর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইসরাইলি প্রধানমন্ত্রীর প্রতি ‘পূর্ণ ও নিঃশর্ত সমর্থন’ জানান তিনি।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে নেতানিয়াহুর ভূমিকার প্রশংসাও করেন ট্রাম্প। পোস্টে তিনি লেখেন, ‘বিবি (নেতানিয়াহু) আপনাদের কখনো হতাশ করবেন না।’
তথ্যসূত্র: অ্যাক্সিওস ও আল জাজিরা।

