ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাট গোবিন্দপুর পশ্চিমপাড়া হরিমন্দির প্রাঙ্গণে আয়োজিত শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, তাঁর কাছে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মুসলিম, হিন্দু ও খ্রিস্টানসহ প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। এই অধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, কলমাকান্দা-দুর্গাপুর অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চলের উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে মা-বাবার মুখ উজ্জ্বল করার পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশ গড়ে তোলার দায়িত্ব সবার। এ অঞ্চলের উন্নয়ন ও অগ্রযাত্রায় তিনি সবার পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এবং খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

