আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পর সৌদি আরবে ভ্রমণের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে জাপানসহ একাধিক দেশ। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সৌদি আরবের কিছু এলাকায় ভ্রমণ সতর্কতার মাত্রা বাড়িয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে দেশটির বিমানবন্দর ব্যবহার ও সেগুলোর আশপাশে যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় হালনাগাদ ভ্রমণ সতর্কতা জারি করে। এতে সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকার সতর্কতার মাত্রা চার ধাপের স্কেলে ১ থেকে বাড়িয়ে ২ করা হয়েছে। এসব এলাকায় অপরিহার্য নয়—এমন ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।
ইয়েমেন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ইয়েমেন সীমান্তবর্তী কয়েকটি এলাকার জন্য সতর্কতার মাত্রা ৩ রাখা হয়েছে। এসব এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, গত ৫ অক্টোবর থেকে সৌদি আরবে হুথিদের হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণহানি ও ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে ভবিষ্যতে আরও হামলার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে জাপান।
সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করছেন—এমন নাগরিকদের সফর স্থগিত করার বিষয়টি বিবেচনা করতে বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও কয়েকটি দেশের ভ্রমণ সতর্কতা
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাপানের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নাগরিকদের সতর্ক করেছে। দেশভেদে নির্দেশনায় কিছু পার্থক্য থাকলেও রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ এড়িয়ে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ইয়েমেনের সংঘাত এবং সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কায় আন্তর্জাতিক ভ্রমণকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

