ক্যানসারসহ সাত ধরনের জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সরকারি আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও যাঁরা অনুদানের টাকা পাননি, তাঁদের আগের আবেদন নতুন অর্থবছরে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা হবে না।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে গত ৫ অক্টোবর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
কোন সাত রোগে আর্থিক সহায়তা পাওয়া যাবে?
সরকারি এ কর্মসূচির আওতায় যেসব রোগে আক্রান্ত ব্যক্তিরা আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন, সেগুলো হলো—
১. ক্যানসার
২. কিডনি রোগ
৩. লিভার সিরোসিস
৪. প্যারালাইসিস
৫. হৃদরোগ
৬. লিউকেমিয়া
৭. থ্যালাসেমিয়া
আগের আবেদনকারীদেরও নতুন করে আবেদন করতে হবে
নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে এসব রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় আইডিএসডিপি (IDSDP) সফটওয়্যারে যেসব আবেদনের বিপরীতে অনুদান বিতরণ করা সম্ভব হয়নি, সেগুলো অপেক্ষমাণ ছিল।
এসব আবেদন জেলা পর্যায় থেকে সংশ্লিষ্ট উপজেলা ইউনিটে স্থানান্তর করে সহায়তা দেওয়ার প্রস্তাব করেছিল সমাজসেবা অধিদপ্তর। তবে আগের অর্থবছরের আবেদনগুলো ২০১৯ সালের নীতিমালার আলোকে করা হয়েছিল।
অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরে অনুদানের পরিমাণ ও রোগের আওতা বৃদ্ধি করে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর নাম ‘ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ (সংশোধিত)’।
কী করতে হবে আবেদনকারীদের?
নতুন নীতিমালার কারণে আগের অর্থবছরের অপেক্ষমাণ আবেদনগুলো স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর না করে নতুন করে আবেদন আহ্বানের মাধ্যমে অনুদান দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
তাই আগের অর্থবছরে আবেদন করেও যাঁরা আর্থিক সহায়তা পাননি, তাঁদের নতুন নীতিমালা অনুসরণ করে পুনরায় আবেদন করতে হবে।

