নিজস্ব প্রতিবেদক | স্বাস্থ্য | ১২ অক্টোবর ২০২৬
দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ তথ্য থেকে এসব তথ্য জানা গেছে।
সেপ্টেম্বরে সর্বোচ্চ মৃত্যু, অক্টোবরে বাড়ছে সংক্রমণ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দিকে ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যু তুলনামূলক কম থাকলেও জুন থেকে পরিস্থিতির অবনতি শুরু হয়।
মাসভিত্তিক হিসাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে এবং মে মাসে একজনের মৃত্যু হয়। মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা যান। সেপ্টেম্বরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, ওই মাসে ১৪৮ জনের মৃত্যু হয়। আর অক্টোবরের প্রথম ১২ দিনেই প্রাণ হারিয়েছেন ৬২ জন। গত ৬ অক্টোবর এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়।
ঢাকায় সবচেয়ে বেশি মৃত্যু
ডেঙ্গুতে চলতি বছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৩৬ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরে ১৭ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া খুলনা বিভাগে ৬৩ জন, চট্টগ্রামে ২৭ জন, বরিশালে ২৬ জন, ময়মনসিংহে ২৩ জন, রাজশাহীতে ২২ জন, রংপুরে ছয়জন এবং সিলেটে তিনজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ডেঙ্গুতে এ বছর মারা যাওয়া ৩০৭ জনের মধ্যে ৫১ দশমিক ৩ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৭ শতাংশ পুরুষ।
অক্টোবরে হাসপাতালে ভর্তি ২১ হাজারের বেশি
চলতি অক্টোবরের প্রথম ১২ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৮২২ জন। এর আগে সেপ্টেম্বর মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৭৭৪ জন, যা চলতি বছরের মাসভিত্তিক হিসাবে সর্বোচ্চ।
এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মাসভিত্তিক হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল যথাক্রমে জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭, জুলাইয়ে ৯ হাজার ২০৬ এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট ১ লাখ ১ হাজার ৪৪২ জনের মধ্যে ৯৫ হাজার ৩৩১ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

