দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে আবহাওয়ার পরিবর্তনে সকাল ও রাতের দিকে শীতের অনুভূতি বাড়ছে। এতে ঋতু পরিবর্তনের সঙ্গে শীতের আগাম আভাস পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (১২ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রোববার এ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ শতাংশ।
উপজেলা আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, রোববার তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঋতু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ছে।
সকাল ও রাতে বাড়ছে শীতের আমেজ
সকালে হালকা ঠান্ডা আবহাওয়ায় চা বাগানসহ বিভিন্ন কর্মস্থলে কাজে নামছেন স্থানীয় শ্রমজীবীরা। তেঁতুলিয়ার এক চা শ্রমিক রফিক জানান, সকালে চা বাগানে পাতা তোলার সময় হালকা ঠান্ডা অনুভূত হয়। তবে দুপুরে রোদের তাপ থাকলেও সকাল ও শেষ রাতে শীত বেশি লাগে।
ভৌগোলিক অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাধারণত আগেভাগেই শীতের অনুভূতি দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, তাপমাত্রা কমে যাওয়ায় সন্ধ্যার পর থেকেই এলাকায় শীতের আমেজ বাড়ছে।

