এনজিও বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেওয়া জায়েজ কি না, তা নির্ভর করে ওই প্রতিষ্ঠানের বিশ্বাস ও সহযোগিতা গ্রহণের ফলে ইসলাম ও মুসলমানদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না—এমন মত দিয়েছেন রাজধানীর মুহাম্মদপুর দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম।
মুসলিম বাংলা ওয়েবসাইটে দেওয়া বক্তব্যে তিনি বলেন, কোনো এনজিও বা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যদি সহিহ আকিদার মুসলমান হন, তাহলে তাদের কাছ থেকে আর্থিক সাহায্য গ্রহণে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই।
তবে সহযোগিতাদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিন্ন আকিদার অনুসারী হলে অথবা অমুসলিম হলে বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করতে হবে বলে জানান তিনি। তাঁর মতে, এ ধরনের সাহায্য গ্রহণের কারণে বর্তমানে বা ভবিষ্যতে ইসলাম ও মুসলমানদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কি না, তা দেখতে হবে।
তিনি বলেন, যদি সাহায্য গ্রহণের কারণে ইসলাম ও মুসলমানদের ক্ষতির প্রবল আশঙ্কা থাকে বা ওই সহযোগিতা মুসলমানদের স্বার্থের পরিপন্থি হয়, তাহলে তা গ্রহণ করা জায়েজ হবে না।
অন্যদিকে, দ্বীনি ক্ষতির আশঙ্কা না থাকলে এবং ওই সহযোগিতার মধ্যে মুসলমানদের কল্যাণ ও স্বার্থ নিহিত থাকলে তা গ্রহণ করা জায়েজ হবে বলে তিনি মত দেন।

