হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তান নতুন করে সেনা মোতায়েন করবে কি না—এ নিয়ে আলোচনা চলার মধ্যে ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তানি সেনারা কয়েক দশক ধরেই সৌদি আরবে অবস্থান করছে।
বুধবার পাকিস্তান ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান। জিও টিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সৌদি আরবে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তানি সেনারা আগে থেকেই অবস্থান করছে কি না—সিএনএনের এমন প্রশ্নের জবাবে আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তানি বাহিনী সেখানে কয়েক দশক ধরে রয়েছে।
তিনি বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের দীর্ঘদিনের কূটনৈতিক, রাজনৈতিক, সামরিক ও জনগণের মধ্যকার সম্পর্কের ধারাবাহিকতায় মক্কা জোট গড়ে উঠেছে। এটি হঠাৎ করে তৈরি হয়নি।
আইএসপিআরের মহাপরিচালকের ভাষায়, পাকিস্তানি সেনারা বিভিন্ন সক্ষমতা ও ক্ষেত্রে আগেই সৌদি আরবে অবস্থান করছে।
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন এবং সৌদি আরবে সামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে একমত হওয়ার পর তাঁর এই বক্তব্য আসে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক যৌথ বিবৃতিতে বলা হয়, রিয়াদে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র জরুরি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমোদিত ব্যবস্থা ও সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় আইন অনুসরণ করে মোতায়েনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
এই উদ্যোগের লক্ষ্য হিসেবে প্রস্তুতি বাড়ানো, সামরিক সমন্বয় জোরদার এবং যৌথ সক্ষমতা বাড়ানোর কথা জানিয়েছে তিন দেশ।
গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই হয়। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
তথ্যসূত্র: জিও টিভি

