জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আদালতে তিনি অভিযোগ করেন, হাতকড়া পেছনে দিয়ে তাঁকে সিঁড়ি দিয়ে ছয়তলা পর্যন্ত ওঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে পলক বলেন, মানবিক দিক বিবেচনায় তাঁর হাতকড়া সামনে পরানো উচিত। তিনি আদালতের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
পলক বলেন, হাতকড়া পেছনে দিয়ে তাঁকে সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। পরে আদালত থেকে নামার সময়ও তিনি প্রশ্ন করেন, ‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি অভিযোগ করেন, আদালতে আনার সময় দুটি লিফটের একটি চালু থাকা সত্ত্বেও আসামিদের সিঁড়ি ব্যবহার করতে হয়েছে। তিনি আরও বলেন, হাতকড়ায় জং ধরেছে এবং বুলেটপ্রুফ জ্যাকেটও নোংরা ছিল। এসব বিষয় বিবেচনার দাবি জানান তিনি।
আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন জানান, মামলার দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেলের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি থাকায় তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি।
আদালত সূত্রে জানা গেছে, এদিন কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করা হয়। মামলায় মোট ৩৪ আসামির মধ্যে ১০ জন কারাগারে আটক রয়েছেন এবং ২০ জন পলাতক।
মামলাটি ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে ট্রাকচালক মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় করা হয়। ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

