কলেজে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য মেধাবিকাশ বৃত্তির আবেদন শুরু করেছে ব্র্যাক। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি কলেজে ভর্তি হওয়া মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬।
বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীকে এককালীন ৮ হাজার টাকা এবং প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
বৃত্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে সরকারি বা বেসরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে। পাশাপাশি পরিবারের মাসিক আয় ২০ হাজার টাকা বা তার কম হতে হবে।
শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। আবেদনকারীকে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের হতে হবে। ব্র্যাকের কর্মসূচির অন্তর্ভুক্ত সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে ব্র্যাক গ্র্যাজুয়েট এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর, যেমন শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী শিক্ষার্থীদেরও অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে পরীক্ষার ফলাফলের শর্ত শিথিলযোগ্য।
আবেদনের ক্ষেত্রে যা মনে রাখতে হবে
আবেদন ফরমে এসএসসি পরীক্ষার জিপিএ ও কলেজে ভর্তির তথ্য সঠিকভাবে দিতে হবে। প্রয়োজনীয় মূল সনদ, নম্বরপত্র এবং কলেজে ভর্তি নিশ্চিতের কাগজের পরিষ্কার স্ক্যান কপি পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে জমা দিতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।
আবেদন করার জন্য নির্ধারিত অনলাইন ফরম ব্যবহার করতে হবে।

