শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলতি বছরের ছুটির সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে। অন্যদিকে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি থাকবে।
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০ অক্টোবর মঙ্গলবার, ২১ অক্টোবর বুধবার এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার—এই তিন দিন শারদীয় দুর্গাপূজার ছুটি থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
যেসব সেবা ছুটির বাইরে
বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং সংশ্লিষ্ট পরিবহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন।
হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং এসব সেবার সঙ্গে যুক্ত কর্মীরাও ছুটির বাইরে থাকবেন। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীদের ক্ষেত্রেও ছুটি প্রযোজ্য হবে না।
এ ছাড়া জরুরি দায়িত্বে নিয়োজিত অন্যান্য প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।
ব্যাংক ও আদালতের বিষয়ে আলাদা নির্দেশনা
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
৭ নভেম্বর সাধারণ ছুটি
এদিকে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
ফলে অক্টোবরের দুর্গাপূজার ছুটির পাশাপাশি নভেম্বরেও একটি সাধারণ ছুটি থাকছে।

