স্পোর্টস ডেস্ক
লামিন ইয়ামালকে ভবিষ্যতের কিংবদন্তি হিসেবে দেখছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তরুণ এই ফরোয়ার্ডের প্রতিভা ও ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ স্প্যানিশ কোচের বিশ্বাস, সময়ের সঙ্গে ইয়ামাল আরও পরিণত হয়ে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠবেন।
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটেই দারুণ এক গোল করে স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। বক্সের ডানদিকে দুইবার বাঁ পায়ে বল নিয়ন্ত্রণে নেওয়ার পর কোনাকুনি উঁচু শটে জাল খুঁজে নেন তিনি।
ইয়ামালের গোলের পর দে লা ফুয়েন্তের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে স্পেন কোচ বলেন, ইয়ামাল এখনও নিয়মিতভাবে সবাইকে চমকে দিচ্ছেন। তাঁর প্রতিভার পুরোটা প্রকাশ পেতে আরও সময় লাগবে বলেও মনে করেন তিনি।
টানা তিন ম্যাচে গোল
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গোলটি করে টানা তৃতীয় আন্তর্জাতিক ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন ইয়ামাল। এর আগে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষেও গোল করেছিলেন তিনি।
এর মাধ্যমে বিরল একটি রেকর্ডও গড়েছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০১৮ সালে কিরগিজস্তানের আতোঁয়ান জেমলিয়ানুখিনের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন আন্তর্জাতিক ম্যাচে প্রথম ছয় মিনিটের মধ্যে গোল করার কীর্তি গড়েছেন ইয়ামাল।
এই তিন ম্যাচে তাঁর মোট গোল চারটি।
ব্যালন ডি’অর নিয়েও আলোচনা
ইয়ামালের ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে ব্যালন ডি’অরের সম্ভাব্য প্রার্থীদের আলোচনায়ও এগিয়ে দিয়েছে। দে লা ফুয়েন্তের মতে, স্পেনের আর কোনো খেলোয়াড় না থাকলেও ইয়ামালকে বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করতে দ্বিধা করতেন না তিনি।
স্পেন কোচের মতে, মাঠে প্রায় সবকিছুই দুর্দান্তভাবে করতে পারেন ইয়ামাল। তবে ব্যালন ডি’অরের দৌড়ে তাঁর সামনে বড় চ্যালেঞ্জ হতে পারে একই দেশের অন্য তারকা খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা।
তবুও দে লা ফুয়েন্তের বিশ্বাস, ইয়ামাল ইতোমধ্যেই বিশ্বসেরাদের কাতারে আছেন এবং ভবিষ্যতে কিংবদন্তি হয়ে ওঠার পথেই এগিয়ে যাচ্ছেন।

