অনলাইন ডেস্ক
ঢাকা
মার্কিন ভিসার আবেদন ও সাক্ষাৎকারে কোনো তথ্য গোপন করা বা মিথ্যা তথ্য দেওয়ার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, আবেদনকারীর দেওয়া তথ্যের অসত্যতা বা জালিয়াতি ধরা পড়লে ভিসা আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও হতে পারে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিসাসংক্রান্ত সতর্কবার্তায় এসব তথ্য জানায় মার্কিন দূতাবাস।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, ভিসা সাক্ষাৎকারের সময় কনস্যুলার কর্মকর্তাদের কাছে সব প্রশ্নের সত্য ও সঠিক উত্তর দিতে হবে। আবেদনকারীর অতীতে কোনো অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা থাকলে সেটিও গোপন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্য গোপনের সুযোগ নেই
দূতাবাস বলেছে, আবেদনকারীর অতীত অভিবাসন-সংক্রান্ত তথ্য সম্পর্কে কনস্যুলার কর্মকর্তাদের কাছে আগেই তথ্য থাকতে পারে। ফলে কোনো বিষয় গোপন করে ভিসা পাওয়ার চেষ্টা ঝুঁকিপূর্ণ।
ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়াতে তথ্য লুকানো বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার পরিবর্তে সম্পূর্ণ সত্য ও নির্ভুল তথ্য দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাস।
জাল নথিতে কঠোর ব্যবস্থা
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, কোনো আবেদনকারী অসত্য তথ্য দিলে বা জাল নথি ব্যবহার করলে তাঁর ভিসা আবেদন বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।
তাই ভিসা আবেদনকারীদের কোনো ধরনের ভুল তথ্য, তথ্য গোপন বা জাল নথি ব্যবহারের চেষ্টা না করে নির্ভুল তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

