অনলাইন ডেস্ক
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণ ও রাত্রিযাপনের বর্তমান নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। পর্যটকদের রাত্রিযাপনের সুযোগ বাড়ানো হবে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে নতুন গাইডলাইন প্রকাশের কথা জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি দ্বীপের বাসিন্দাদের জীবন-জীবিকার বিষয়টিও বিবেচনায় নিয়ে নতুন গাইডলাইন তৈরি করা হচ্ছে। এ জন্য স্থানীয় বাসিন্দা, পরিবেশবিদ ও পর্যটনসংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে।
বর্তমান ব্যবস্থায় নভেম্বর মাসে পর্যটকদের শুধু দিনের বেলায় সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ রয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়। অন্যদিকে ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য দ্বীপে ভ্রমণ বন্ধ রাখার বিধান রয়েছে। দৈনিক পর্যটকের সংখ্যাও নির্দিষ্ট সীমার মধ্যে রাখার নিয়ম রয়েছে।
রাত্রিযাপনের সুযোগ বাড়ানোর পক্ষে যুক্তি হিসেবে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ভ্রমণ করে পর্যটকদের কয়েক ঘণ্টার মধ্যে দ্বীপ ঘুরে আবার কক্সবাজারে ফিরে যাওয়া স্বাস্থ্যকর নয়। এ কারণে ভ্রমণব্যবস্থায় কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে।
তবে পর্যটকের সংখ্যা, ভ্রমণের সময়সীমা কিংবা রাত্রিযাপনের মাস—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শুনানি ও বৈঠকের পর সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে নতুন নীতিমালা চূড়ান্ত করা হবে।
পরিবেশ রক্ষায় বর্তমান ১২টি নির্দেশনার মধ্যে রয়েছে—রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি ও বারবিকিউ পার্টি না করা; কেয়াবনে প্রবেশ ও কেয়া ফল সংগ্রহ বা বিক্রি না করা; সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকসহ জীববৈচিত্র্যের ক্ষতি না করা। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ মোটরচালিত যানবাহন চলাচলও নিষিদ্ধ।
নতুন গাইডলাইনেও সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

