আদালত প্রতিবেদক, ঢাকা
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও পিছিয়েছে। উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হলেও বুধবার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন।
ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ মোট ১৩০ বার পেছাল।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
মামলায় রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাঁদের পরিচিত তানভীর রহমান খানকে আসামি করা হয়।
আসামিদের মধ্যে তানভীর রহমান খান জামিনে রয়েছেন। পলাশ রুদ্র পাল জামিনে গিয়ে পলাতক হয়েছেন। অন্য আসামিরা কারাগারে রয়েছেন।
মামলার তদন্ত শুরু করেন শেরেবাংলা নগর থানার এক উপপরিদর্শক (এসআই)। ঘটনার চার দিন পর তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে দেওয়া হয়। দুই মাসের বেশি সময় তদন্ত করেও ডিবি রহস্য উদ্ঘাটন করতে পারেনি।
পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ সময় পার হলেও এখনো তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি।

