রাজধানীর মিরপুরের সেকশন-১৩-এর ৪ নম্বর ওয়ার্ডে শহীদ মিনার, খেলার মাঠ ও হাঁটার সুবিধাসম্পন্ন একটি আধুনিক মাঠের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) মাঠটির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
নতুন এই মাঠে শিশুদের খেলাধুলার জন্য বিভিন্ন সরঞ্জাম, যুবকদের জন্য ক্রিকেট ও ফুটবল খেলার আলাদা জায়গা এবং বয়স্কসহ সাধারণ মানুষের হাঁটার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মাঠটিতে একটি গ্রন্থাগার, ওয়াশরুম ও ওজুর স্থান রাখা হয়েছে।
মাঠের চারপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে বৈদ্যুতিক লাইন স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, মাঠটি পরিচর্যা করে ভালো রাখার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, এলাকাবাসীরও। সবাইকে মাঠের পরিবেশ ও স্থাপনা রক্ষায় দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সিটি করপোরেশনের সংশ্লিষ্টরা জানান, শিশু, কিশোর, তরুণ ও বয়স্ক—সব বয়সী মানুষের বিনোদন, খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ তৈরির লক্ষ্যেই মাঠটিকে আধুনিকভাবে সাজানো হয়েছে।

