কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা মো. আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের কয়েক ঘণ্টার পর তাকে দলীয় পদসহ বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
আফজাল হোসেন (৪২) উপজেলার হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজার এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আফজাল হোসেনকে ৭৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গ্রেপ্তারের পর রোববার রাতেই উলিপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে সাময়িক অব্যাহতির চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই দলীয় পদসহ সব কার্যক্রম থেকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির নেতারা জানিয়েছেন, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে এ ঘটনায় আরও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

